মোঃ মামুন আহমেদ, কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি (গাজীপুর):
গাজীপুরের কালীগঞ্জে ৫ম থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীদের ‘নতুন কুঁড়ি’ রেজিস্ট্রেশন কার্যক্রম সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট ২০২৬) সকাল ১০.০০ ঘটিকায় কালীগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভা অনুষ্ঠানের সভাপতি ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ. টি. এম কামরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হাওলাদার।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিকুর রহমান এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেসমিন আক্তার, কালীগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মোঃ সাইফুল ইসলাম খান এবং সাধারণ সম্পাদক মোঃ সাদেক হোসাইন। উক্ত প্রস্তুতিমূলক সভায় কালীগঞ্জ উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুল, সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক ও উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষকগণ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন।
উপস্থিত বক্তারা শিক্ষার্থীদের মেধা বিকাশ, সৃজনশীল চর্চা এবং ‘নতুন কুঁড়ি’ রেজিস্ট্রেশন কার্যক্রম ডিজিটাল ও সুশৃঙ্খলভাবে নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে শিক্ষা অফিসারগণ জানান, এই কার্যক্রমের মাধ্যমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের একটি সুসংগঠিত ডাটাবেজ তৈরি হবে যা ভবিষ্যতের শিক্ষার মানোন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে।
সভায় উপস্থিত শিক্ষকবৃন্দ রেজিস্ট্রেশন কার্যক্রমের নানা কারিগরি দিক নিয়ে আলোচনা করেন এবং তা সফলভাবে সম্পন্ন করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।










