রিপোর্ট, মোঃ মামুন আহমেদ। কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি (গাজীপুর):
গাজীপুরের কালীগঞ্জে কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

আজ ২৮ অক্টোবর ২০২৬, বুধবার সকাল ১০:৩০ মিনিটে কালীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব জেসমিন আক্তার-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব এ. টি. এম. কামরুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানটি সফলভাবে সঞ্চালনা করেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শারমিন শাহী।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন খলাপাড়া আদর্শ একাডেমির প্রধান শিক্ষক মামুন আহমেদ। এরপর পর্যায়ক্রমে গীতা পাঠ করেন সুজাপুর বীণাপানি বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক তারিন চন্দ্র মন্ডল এবং বাইবেল পাঠ করেন সেন্ট ফ্রান্সিস জেভিয়ার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার শিউলি পিউরিফিকেশন।

উক্ত অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলায় প্রায় শতাধিক কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
স্বাগত বক্তব্যে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও সভার সভাপতি জনাব জেসমিন আক্তার বিদ্যালয়গুলোর মানোন্নয়ন, শৃঙ্খলা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রধান শিক্ষকদের বিভিন্ন দিকনির্দেশনা দেন। তিনি উপজেলার প্রাথমিক শিক্ষাকে আরও এগিয়ে নিতে এবং মানসম্মত পরিবেশ তৈরিতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
সভায় কালীগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মো: সাইফুল ইসলাম খান জোরালো দাবি ও বক্তব্য তুলে ধরে বলেন, “বাংলাদেশের যতগুলো উপজেলা আছে তার মধ্যে কালীগঞ্জ উপজেলার কোনো কিন্ডারগার্টেন স্কুলই পাঠদানের অনুমতি বা নিবন্ধন পায়নি।” তিনি এই সংকট নিরসনে কালীগঞ্জ উপজেলার সকল কিন্ডারগার্টেন স্কুলগুলোকে সহজ শর্তে পাঠদানের অনুমতি ও নিবন্ধন প্রদান এবং শিক্ষকদের যথাযথ প্রশিক্ষণের আওতায় আনার জন্য উপজেলা প্রশাসনের জোরালো সহযোগিতা কামনা করেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব এ. টি. এম. কামরুল ইসলাম শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন ও প্রাতিষ্ঠানিক বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে বিশেষ পরামর্শ ও আশ্বাস দেন। কালীগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন সভাপতির উত্থাপিত উদ্বেগের প্রেক্ষিতে প্রধান অতিথি অত্যন্ত জোরালোভাবে বলেন যে, উপজেলার কোনো কিন্ডারগার্টেন স্কুলেরই পাঠদান অনুমতি বা নিবন্ধন না থাকা অত্যন্ত দুঃখজনক এবং এটি দ্রুত নিরসন করা প্রয়োজন। কিন্ডারগার্টেন স্কুলগুলোর পাঠদানের অনুমতি এবং নিবন্ধন প্রক্রিয়াকে সহজ, স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক করার বিষয়ে তিনি বলেন— আইনি বৈধতা ও সরকারি নিয়মনীতি মেনে বিদ্যালয়গুলো পরিচালিত হলে শিক্ষার মান আরও সুদৃঢ় হবে। এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার জোরালো আশ্বাস দেওয়া হয়।
শিক্ষার্থীদের নিরাপদ ও উপযোগী শিখন পরিবেশ নিশ্চিত করতে স্কুলের অবকাঠামোগত উন্নয়ন ও শ্রেণিকক্ষগুলোর মান বাড়ানোর পরামর্শ দেন তিনি। এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অডিটরিয়াম বা মিলনায়তন নির্মাণের কাজ শীঘ্রই শুরু হবে বলে জানান, যা সম্পন্ন হলে ভবিষ্যতে উপজেলা পর্যায়ে সকল বড় অনুষ্ঠান ও সভা আরও সুন্দরভাবে আয়োজন করা সম্ভব হবে।


কোমলমতি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করে তিনি বলেন, বিদ্যালয়গুলোতে স্বাস্থ্যসম্মত পরিবেশ, বিশুদ্ধ পানির সুব্যবস্থা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে।
শিক্ষাক্ষেত্রে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তিনি জানান, ঝরে পড়া শিক্ষার্থীদের পুনরায় বিদ্যালয়মুখী করার পাশাপাশি উপজেলার দরিদ্র ও মেধাবী ১০০ জন শিক্ষার্থীকে বাইসাইকেল প্রদান করা হয়েছে।
নৈতিক শিক্ষা বিস্তার, নিয়মিত উপস্থিতি এবং সৃজনশীল শিক্ষাদানের মাধ্যমে আদর্শ জাতি গঠনে প্রধান শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।


সভায় আরও বক্তব্য রাখেন— কালীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নাজমুল ইসলাম, কালীগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. সাদেক হোসাইন, সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ভূঁইয়া, বোয়ালি বালিকা উচ্চ বিদ্যালয় সংযুক্ত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল পাল এবং নোমান আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা কাজী নোমান প্রমুখ।
পরবর্তীতে অংশগ্রহণকারী শিক্ষকদের ধারাবাহিক বক্তব্য, উন্মুক্ত আলোচনা এবং স্থানীয় শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে সভার সমাপ্তি ঘটে।











