আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ঢাকায় এবার মোট ২৬টি কোরবানির পশুর হাট বসতে যাচ্ছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ১৩টি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ১৩টি হাট নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে এসব হাটের অধিকাংশের ইজারা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে
জানা গেছে, ঈদুল আজহার নির্ধারিত দিনসহ মোট পাঁচ দিন এসব হাটে পশু কেনাবেচা চলবে। তবে অতীতের মতো এবারও ইজারাদাররা নির্ধারিত সময়ের কয়েক দিন আগেই পশু বিক্রি শুরু করে দেওয়ার প্রবণতা থাকে বলে জানা যায়।
ডিএসসিসি এলাকায় হাটের অবস্থান
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অধীনে এবার ১৩টি অস্থায়ী পশুর হাট বসবে। সিটি করপোরেশন সূত্রে জানা যায়, এসব হাট নগরীর বিভিন্ন খালি জায়গা, মাঠ ও সড়কের নির্ধারিত অংশে বসানো হবে।
পুরান ঢাকার পোস্তগোলা শ্মশানঘাটের পশ্চিম পাশে বুড়িগঙ্গা নদীর পাড়ের খালি জায়গায় বসবে হাট। সাদেক হোসেন খোকা মাঠের দক্ষিণ পাশের খালি জায়গা এবং ধোলাইখালের দুই প্রধান সড়কে থাকবে পশুর বাজার।
এছাড়া উত্তর শাহজাহানপুর মৈত্রী সংঘ ক্লাবের খালি জায়গা ও রহমতগঞ্জ ক্লাবের খালি জায়গায়ও হাট বসবে। আমুলিয়া মডেল টাউনের খালি জায়গা, শ্যামপুর-কদমতলী ট্রাকস্ট্যান্ডের সড়কের দুই পাশে এবং সংলগ্ন খালি জায়গায়ও কোরবানির পশু কেনাবেচা হবে।
আফতাব নগর (ইস্টার্ন হাউজিং) ব্লক ই, এফ, জি ও এইচ এবং সেকশন ১ ও ২-এর খালি জায়গায় হাট বসবে। শিকদার মেডিক্যাল সংলগ্ন আমিন মোহাম্মদ গ্রুপের খালি জায়গা, কাজলা ব্রিজ থেকে মাতুয়াইল মৃধাবাড়ি পানির পাম্প সংলগ্ন সড়কের অংশ এবং দয়াগঞ্জ রেলক্রসিং থেকে জুরাইন রেলক্রসিং পর্যন্ত সড়কেও থাকবে হাট।
মোস্তমাঝি মোড় সংলগ্ন বনশ্রী হাউজিংয়ের খালি জায়গা, ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের দক্ষিণ-পূর্ব পাশের খালি জায়গা এবং গোলাপবাগ আউটার স্টাফ কোয়ার্টারের উত্তর পাশের খালি জায়গাতেও হাট বসবে।
এবার দক্ষিণ সিটির স্থায়ী সারুলিয়া হাট থাকছে না। পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণের কারণে এটি বাদ পড়েছে বলে জানায় সিটি করপোরেশন।
ডিএনসিসি এলাকায় হাটের অবস্থান
ঢাকা উত্তর সিটি করপোরেশনে এবার ১৩টি অস্থায়ী পশুর হাট বসবে। পাশাপাশি গাবতলী স্থায়ী হাটেও স্বাভাবিকভাবে পশু কেনাবেচা চলবে।
উত্তর সিটির অধীনে খিলক্ষেত বাজার সংলগ্ন এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের খালি জায়গা, মিরপুর সেকশন ৬ (ইস্টার্ন হাউজিং) এবং মিরপুর কালশী বালুর মাঠে হাট বসবে।
























