মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী বাজারে চোর সন্দেহে গণপিটুনিতে আরিফ হোসেন (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২ জুন) ভোরে এ ঘটনা ঘটে।
দোকান মালিক বাদল হোসেন বলেন, ‘ভোরবেলা জানতে পারি, আমার দোকানে অজ্ঞাত ৫ জন চুরি করার উদ্দেশে হানা দেয়। দোকানে আমার ছোট ভাই ঘুমিয়ে ছিল। চোরচক্র দোকানের গ্রিল কেটে ও তালা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করলে ভাই টের পেয়ে যায়। তারপর সিসিটিভিতে চোরদের দেখে চিৎকার দেয় এবং আশপাশের লোকদের ফোন করে সাহায্য চায়। তখন স্থানীয় জনগণ ঘটনাস্থলে গিয়ে ধাওয়া দিলে চারজন পালিয়ে যায় এবং একজন ধরা পড়ে। পরে জনগণের পিটুনিতে তিনি নিহত হন।’
স্থানীয় সূত্রে জানা যায়, আটক যুবককে রশি দিয়ে বেঁধে বেধড়ক মারপিট করা হয়। তারপর গুরুতর আহত অবস্থায় দোকানের পাশে ফেলে রাখা হলে এক পর্যায়ে তার মৃত্যু হয়।
একটি ভিডিওতে দেখা গেছে- বেঁধে রেখে তাকে জিজ্ঞাসাবাদ করছেন উৎসুক জনগণ। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে তারা পাবনা সদর থেকে পিকআপযোগে চুরি করতে বামুন্দি এসেছিল।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার দাস বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তদন্তের পাশাপাশি নিহতের পরিচয় শনাক্ত করা হয়।’
মরদেহ ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।’



















