গাইবান্ধার সাঘাটায় সানজিদা শেলী শাপলা নামে এক অসহায় নারীর তিনতলা ভবনসহ আড়াই শতক জমি জোরপূর্বক দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে জিল্লুর রহমান নামে এক কথিত অ্যাডভোকেটের বিরুদ্ধে। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিলেও পুলিশ কোনো মামলা বা কার্যকর পদক্ষেপ নেয়নি বলে দাবি করেছেন ভুক্তভোগী।
গত কাল (৮ জুন) গাইবান্ধা প্রেসক্লাবে দুই সন্তানকে সাথে নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন ওই নারী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, সাঘাটার ঝাড়াবর্ষা মৌজায় নির্মিত তাঁর তিনতলা ভবনটি রক্ষা করতে ২০২৫ সালে নিজের অংশের আড়াই শতক জমি দুই নাবালক ছেলের নামে রেজিস্ট্রি করে দেন। এতে ক্ষিপ্ত হয়ে তাঁর স্বামীর সাথে পারিবারিক বিরোধের সুযোগ নেন জিল্লুর রহমান।
গত ২৭ মে পবিত্র ঈদুল আজহার আগের দিন ভোরে জিল্লুর রহমানের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাড়িতে হামলা চালায়। এ সময় শাপলা ও তাঁর সন্তানদের মারধর করে বাড়ি থেকে বের করে দিয়ে সম্পত্তি দখল করে নেওয়া হয়।
বর্তমানে সন্তানদের পড়াশোনা বন্ধের উপক্রম এবং তাঁরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখ করে ভুক্তভোগী নারী অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিজ বাড়িতে নিরাপদে পুনর্বাসনের জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জোর দাবি জানান।
দিশা সরকার গাইবান্ধা প্রতিনিধি 


















